বাসস
  ০৮ জুলাই ২০২৬, ১৩:১৯
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৩:৫০

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার

আজ: চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: বাসস

চাঁদপুর, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন।

বুধবার দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনীর মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াছ হোসেন। তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াছকে সন্ত্রাস বিরোধী মামলার আসামী হিসেবে আজ সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এর নেতৃত্বে থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

গত ৮ জুন সন্ত্রাস বিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বাসস’কে বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হলে পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।