বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৯:৪৯

বগুড়া জেলা পরিষদের সহায়তা পেলেন ৩০ সাংবাদিক

ছবি: বাসস

বগুড়া, ৭ জুলাই, ২০২৬, (বাসস): বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, নতুন ভবনের জন্য টেলিভিশন উপহার ও আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মতবিনিময় শেষে জেলা পরিষদের অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

তিনি সাংবাদিকতা পেশাকে অত্যন্ত সম্মানজনক, নিবেদিতপ্রাণ ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে বলেন, বগুড়া মহানগরের পাশাপাশি সমগ্র জেলার সার্বিক উন্নয়নে অংশীজন হতে চায় জেলা পরিষদ। পিছিয়ে পড়া তিলোত্তমা বগুড়াকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা কাজ করে যাচ্ছেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এই মাটির জন্যও কাজ করছেন।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৩০ সাংবাদিকের হাতে পাঁচ হাজার টাকা করে সহায়তার খাম প্রদান করা হয়। জেলা পরিষদ সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও সহায়তা প্রত্যাশা করেন সাংবাদিক নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আহসানুল তৈয়ব জাকির বলেন, সাংবাদিকদের পাশে থাকবে জেলা পরিষদ। এটি একটি সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান। জেলা পরিষদ হাজারও ধরনের কাজ করে। ভুল হলে সমালোচনা করুন, সত্য ও সঠিক তথ্য তুলে ধরবেন। অসত্য বা ভুল তথ্য উপস্থাপনে জনপ্রতিনিধিরা যেন মানহানির শিকার না হয়।

অপরদিকে, বগুড়া প্রেস ক্লাবের নতুন নিজস্ব ভবনের জন্য প্রায় ২ লাখ টাকা মূল্যের টেলিভিশন উপহার পাঠিয়েছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ছেলে আসিফ সিরাজ রব্বানী।