শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ২টি অভিযানে ২৭০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে।
বিজিবি’র সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে অভিযান ২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামস্থ পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২শ’ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে। এছাড়াও অপর অভিযানে চৌকা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস হতে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ আটক করে।
আজ সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, জব্দ সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলমান। তিনি আরও জানান, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।