শিরোনাম

নরসিংদী, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ও বড়বাজার এলাকায় দু’টি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গতকাল সোমবার বিকালে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আসাদুল্লাহ ইবনে আনোয়ার।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার ত্রিনাথ বেকারি এবং বড়বাজার এলাকার লায়লা বেকারি অ্যান্ড কনফেকশনারিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্য প্রস্তুতে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসটিআই অনুমোদনবিহীন ফুড কালার ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দু’টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট বেকারি কর্তৃপক্ষকে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।