বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১১:১৭

দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম (দক্ষিণ), জুলাই ৭, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় একটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

গত রোববার দিবাগত রাতে দক্ষিণ গোবিন্দারখীল এলাকার সানাউল্লাহ বাপের বাড়ির বড় পুকুরে এ ঘটনা।

ক্ষতিগ্রস্ত শওকত আকবর মুন্না পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দা। চাকরির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মাছের পোনা উৎপাদন ও সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত।

জানা গেছে, আনোয়ারার একটি বড় দিঘিতে সরবরাহের জন্য বিভিন্ন পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা এনে একটি পুকুরে সংরক্ষণ করেছিলেন শওকত আকবর মুন্না। সেখানে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা মজুত ছিল। রোববার রাতে কয়েকটি মাছ পানির ওপর ভেসে উঠতে দেখে তিনি প্রথমে অক্সিজেনের ঘাটতি মনে করে ব্যবস্থা নেন। কিন্তু সোমবার সকালে পুকুরে গিয়ে দেখেন, পুরো পুকুরজুড়ে মাছের পোনা মৃত অবস্থায় ভাসছে।

ভুক্তভোগী শওকত আকবর মুন্না বলেন, দীর্ঘ দিনের কষ্টের অর্জন এক রাতেই শেষ হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং আমার ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।

পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুকুরের পানির নমুনা ও মৃত মাছ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হবে। বিষ প্রয়োগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগিতা করা হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বাসস’কে বলেন, মৌখিকভাবে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।