বাসস
  ০৬ জুলাই ২০২৬, ২১:৩৭

হেঁটে খেলতে যাওয়া দুই নারী খেলোয়াড়কে সাইকেল দিলেন শেরপুরের ডিসি

ছবি : বাসস

শেরপুর, ৬ জুলাই, ২০২৬, (বাসস): জেলা প্রশাসনের উদ্যোগে দুই নারী প্রতিভাবান খেলোয়াড়কে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

নারী খেলোয়াড়রা হলেন, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের আশা মনি এবং একই এলাকার মরিয়ম আক্তার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দারিদ্রতার কারণে আশা মনি এবং মরিয়ম আক্তার প্রায় আড়াই কিলোমিটার হেঁটে শেরপুর স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিক্স প্র্যাকটিস করে আসছিলেন। ঘটনাটি ফেসবুকের মাধ্যমে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে এলে তিনি তাদের খোঁজ খবর নেন। 

পরে শেরপুর জেলা প্রশাসনের অর্থায়নে দুই নারী খেলোয়াড়কে দুটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

সাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, ফুটবল প্রশিক্ষক সাধন বসাকসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতোমধ্যে আশা মনি ফুটবলে এবং মরিয়ম আক্তার অ্যাথলেটিক্সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) প্রাথমিকভাবে ভর্তির সুযোগ পেয়েছে।