শিরোনাম

ঝালকাঠি, ৬ জুলাই ২০২৬ ( বাসস): ঝালকাঠির সরকারি শিশু পরিবারের ছয় মেধাবী শিক্ষার্থীকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সরকারি শিশু পরিবারের সভাকক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উচ্চতর পড়াশোনার জন্য তিন শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের তিন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
এ সময় সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক খান মো. জসীম উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, অভিভাবক মো. বাবুল হোসেন এবং শিশু পরিবারের নিবাসী মেহেদী হাসান সজল বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে শিক্ষা সহায়তার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তারা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।