বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৫:১৬

রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান মালিক সমিতি

ছবি: বাসস

রাঙামাটি, ৬ জুলাই ২০২৬ (বাসস): জেলা শহরে রেজিস্ট্রেশন বিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অটোরিকশা চালক ও মালিক সমিতি। আজ সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার অটোরিকশা চালক ও মালিকদের আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান।  

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো.রনি।

সমাবেশে বক্তারা বলেন, পর্যটন শহর রাঙামাটি একটি ছোট শহর। বর্তমানে শহরে প্রায় ১ হাজার ৪০০ নিবন্ধিত অটোরিকশা চলাচল করছে। এতেই চালকদের আয় কমে গেছে এবং অনেকের পক্ষে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। এরমধ্যে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন আরও প্রায় ৩০০ থেকে ৪০০ অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে। যা বৈধ চালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে। তাই অবৈধ রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অটোরিক্সা বন্ধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তারা জেলা প্রশাসনকে অতি দ্রুত এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।