বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৪:১৫

নওগাঁয় অটোরিকশা উল্টে শিশু নিহত

নওগাঁ, ৬জুলাই ২০২৬ (বাসস) : জেলার পোরশায় একটি শূকরের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মুশফিকা জান্নাতি নামে ছয় মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির নানি কুলসুম বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

আজ সকালে উপজেলার সরাইগাছী-বারিন্দা সড়কের একটি ব্রিজের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  নিহত শিশু উপজেলার সহনন্দ গ্রামের মুন্না ডাকুয়ার কন্যা। আহত কুলসুম বেগম একই গ্রামের আব্দুল গণির কন্যা।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নিজ বাড়ি থেকে কুলসুম বেগম নাতনিকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় সরাইগাছী বাজারে যাচ্ছিলেন। পথে ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার পাশ থেকে একটি শূকর অটোরিকশার সামনে চলে আসে। এতে ধাক্কা লেগে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়।

এ ঘটনায় চালক অক্ষত থাকলেও কুলসুম বেগম ও তার নাতনি মুশফিকা জান্নাতি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে মুশফিকা জান্নাতির মৃত্যু হয়।

পোরশা থানা পুলিশ জানায়, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত কুলসুম বেগম পোরশা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।