বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৪:০৮

নড়াইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নিহত, আহত  ১

নড়াইল, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : নড়াইলের লোহাগড়ায় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর ছোট বোন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার (১২) আহত হয়েছে।  

গতকার রোববার রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী শামীমা আক্তার সেতু এবং আহত শিক্ষার্থী মিতু নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার মেয়ে। তারা দুইবোন স্থানীয় বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার দুই মেয়ে শামীমা আক্তার সেতু ও মিতু রোববার রাতের খাবার খেয়ে নিজেদের বসতঘরে শুয়ে পড়ে। এরপর রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নলদী এলাকার খালপাড়ের সরু রাস্তায় ঢুকে পড়ে। ট্রাকটি হাফিজুর মোল্যার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বসতঘরের ওপর গিয়ে পড়ে। এ সময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। মিতুকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারসহ সহপাঠী ও গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় বাসস’কে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।