শিরোনাম

খুলনা, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : সুন্দরবনের জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সিসা বুলেট উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে র্যাব-৬ খুলনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় তারা জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেপ্তার করে। সে খুলনা জেলার দাকোপ থানাধীন জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। তাকে কয়রা থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার ডিউটি অফিসার এএসআই জাহিদুল ইসলাম বাসস’কে বলেন, র্যাব-৬ এর পক্ষ থেকে জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।