শিরোনাম

বাগেরহাট, ২০ আগস্ট, ২০২৬(বাসস) : শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতামূলক এক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অংশীজনের সাথে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত ‘অগ্রযাত্রা’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি শিশুদের অধিকার সুরক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরামর্শ সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।