শিরোনাম

বাগেরহাট, ২০ আগস্ট, ২০২৬(বাসস) : বাগেরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে গত মাসের সভায় উত্থাপিত কল্যাণমূলক দাবিগুলো সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয়। পরে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ক্যাম্প থেকে আগত কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং পুলিশ লাইন্সে
কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সামগ্রিক সমস্যা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সভায় পুলিশের সকল উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।