শিরোনাম

নরসিংদী, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার পরিচালিত এই অভিযানে লেবুতলা ইউনিয়নের ধরাবান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. মুর্শিদ মিয়া ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃঙ্খল আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২টি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাদ্দাম হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন মাদক সেবন ও মাদকসংক্রান্ত যেকোনো অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত মনোহরদী গড়ে তুলতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বাসস’কে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।