শিরোনাম

রংপুর, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ আজ (শুক্রবার) নগরীর কোতোয়ালি থানার সাতমাথা নগর মাতৃসদন থেকে সরঞ্জামসহ একটি আন্তঃজেলা জুয়া চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।
র্যাব-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সদর কোম্পানির একটি চৌকস দল ভোর ৩টায়(বৃহস্পতিবার দিবাগত রাত) সাতমাথা নগর মাতৃসদন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জুয়ার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলো- রংপুরের মো. এরশাদ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. সাগর, মো. শহিদুজ্জামান, ও মো. সাজ্জাদ হোসেন, দিনাজপুরের মো. আব্দুল খালেক, মো. নবাব আলী, মো. রিপন, কৃষ্ণ কান্ত রায় ও অবিনাশ চন্দ্র এবং নীলফামারী জেলার মো. আব্দুল জলিল, মো. দিশাদ হোসেন ও মো. আল আমিন।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটি আন্তঃজেলা জুয়া চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এবং অনলাইনে জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিল।
বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণের পর চক্রের অন্যান্য সদস্য এবং আর্থিক লেনদেন সম্পর্কে আরও তদন্ত চলছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে-পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।