বাসস
  ০৩ জুলাই ২০২৬, ২২:০০

রাঙ্গামাটি সীমান্তে পাচারকালে মালামাল জব্দ 

ছবি: বাসস

রাঙ্গামাটি, ৩ জুলাই ২০২৬ (বাসস): জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকায় আজ পাচারকালে অবৈধ সেগুন কাঠ ও রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে বিজিবি’র ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) একটি টহল দল আমতলা গ্রাম ও বাজার ঘাট এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি’র ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১১০ কেজি চায়না রসুন এবং ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুইলাখ টাকা।

বিজিবি’র ছোট হরিণা জোনের হাবিলদার মোস্তাফিজ জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।