শিরোনাম

সুনামগঞ্জ, ২৮ জুন, ২০২৬ (বাসস) : জেলায় ১ম পর্বের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় সদর উপজেলার পৌর কার্যালয়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
এ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.যশোবন্ত ভট্টাচার্য।
পরে অতিথি বৃন্দ এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি স্থায়ী ও ২ হাজার ১৬৬টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ২ হাজার ১৭৯টি কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ২৭৮ জন টিকাদানকারী এবং ২ হাজার ১৭৯ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব রয়েছেন।
এবারের ক্যাম্পেইনে জেলার ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫২ হাজার ১৯৩ এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৭১৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মোট ৩ লাখ ৯৮ হাজার ৯০৬ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।