শিরোনাম

গাইবান্ধা, ২৮ জুন ২০২৬ (বাসস) : জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৫৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার দিয়েছে সরকার।
কৃষি ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার (২৭ জুন) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
শামীম কায়সার লিংকন বর্তমান সরকারকে কৃষকবান্ধব হিসেবে অভিহিত করে বলেন, কৃষকদের ভাগ্যের উন্নয়ন এবং কৃষি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি সরকারের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তামসিদ ইরাম খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মনু।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, ফসল সঠিকভাবে উৎপাদনের লক্ষ্যে এই কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ১০ কেজি করে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অফ পটাশ) সার পেয়েছেন।