শিরোনাম

যশোর, ২৮ জুন ২০২৬ (বাসস) : যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের পুত্র। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, আজ সকালে সেলিম রেজা মোটরসাইকেলে যশোর থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে যশোর-মাগুরা সড়কের হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি পিকআপের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় ঢাকামুখী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে বারোবাজার হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।
যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।