বাসস
  ২৭ জুন ২০২৬, ২২:৪৯

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া উদ্বোধন

ছবি: বাসস

চট্টগ্রাম, ২৭ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়ার উদ্বোধন করেন কিউ এন এস গ্লোবাল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। প্রেস ক্লাবের সাংবাদিকদের কল্যাণমূলক কাজে আমি যেকোনো সময় পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।

আবু ইউসুফ চৌধুরী আরও বলেন, শরীর এবং মনের সুস্থতার জন্য কায়িক শ্রমের বিকল্প নেই। যার একটা বড় মাধ্যম খেলাধুলা। খেলাধুলা বা ক্রীড়ানুশীলনের মাধ্যমে কায়িক শ্রমের পাশাপাশি মন ও মননের সৃজনশীল শক্তি বৃদ্ধি পায়। খেলাধুলা আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। এখানে জয়-পরাজয়ের হিসাবটা মুখ্য বিষয় নয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান।