শিরোনাম

ঝিনাইদহ, ২৭ জুন, ২০২৬ (বাসস) : গ্রাহক সেবা সহজীকরণ, কোম্পানির অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ চালুসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) কর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) ঝিনাইদহ অফিস চত্বরে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনের আয়োজন করেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক।
এ সময় সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রহমান সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, ওজোপাডিকোর অর্গানোগ্রাম সংশোধন করে স্থায়ী পদ বৃদ্ধির দাবি জানান। সেই সঙ্গে অস্থায়ী ও আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ ও পে স্কেল বাস্তবায়ন ১২ দফা দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতাকর্মীরা।