শিরোনাম

বাগেরহাট, ২৭ জুন. ২০২৬ (বাসস) : উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারের লক্ষ্যে একটি বাস্তবধর্মী ঘূর্ণিঝড় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় পাঁচগাঁও এম.এম. মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) বাগেরহাট ইউনিটের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) ও ফায়ার সার্ভিস। সহযোগিতায় ছিল ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, যুব রেড ক্রিসেন্ট এবং স্থানীয় জনগণ।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, ‘মোরেলগঞ্জ ও শরণখোলা দেশের অন্যতম দুর্যোগ প্রবণ উপকূলীয় অঞ্চল। বঙ্গোপসাগর সংলগ্ন এ জনপদ অতীতে সিডর, আইলা, আম্পান, বুলবুল ও রেমালের মতো ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের ভয়াবহতা মোকাবিলা করেছে। তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সময়মতো আশ্রয়কেন্দ্রে গমন এবং স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলার কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘সরকার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, আগাম সতর্ক বার্তা প্রচার, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে। তবে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা ও অংশগ্রহণই জীবন ও সম্পদ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।’
এমপি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, অতি বৃষ্টি ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। এ বাস্তবতায় পরিবারভিত্তিক দুর্যোগ প্রস্তুতি, শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়া এবং সামাজিক সম্প্রীতির ভিত্তিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।’
মহড়ায় নাট্যরূপের মাধ্যমে একটি পরিবারের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর করণীয়, নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়া, উদ্ধার অভিযান পরিচালনা এবং আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের বিষয়গুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়। উপস্থিত সাধারণ মানুষ এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি খুলনা জোনের উপ পরিচালক আলমগীর হোসেন, বাগেরহাট ইউনিটের ইউনিট লেভেল অফিসার (ইউএলও), প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ফাইন্যান্স অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি স্বেচ্ছাসেবক, যুব রেড ক্রিসেন্ট সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদুল আলম। মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার সাদিদ হোসেন এবং সহকারী প্রোগ্রাম অফিসার ইমদাদ ইলাহী চৌধুরী।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের বাস্তবধর্মী মহড়া দুর্যোগের সময় আতঙ্ক কমাতে, আগাম প্রস্তুতি নিশ্চিত করতে এবং জীবন ও সম্পদ রক্ষায় জনগণের সক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।