শিরোনাম

ফেনী, ২৭ জুন,২০২৬(বাসস) : ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেছেন, সরকারি কর্মকর্তারা সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে থাকে। এর সাথে শিক্ষক ও সমাজপতিরা কাজ শুরু করলে মাদক নিয়ন্ত্রণ সহজ হয়ে আসবে। সমাজের সবাইকে সচেতন করা না গেলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবেনা। মাদকাসক্ত ব্যক্তির সংখ্যাও কমবে না। তাই সবাইকে একযোগে মাদক নামক দানবের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকালে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.ফরিদ উদ্দিন খান নয়ন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।
পরিবেশকর্মী ও সামাজিক সংগঠক নজরুল বিন মাহমুদুল ও শান্ত আলমগীরের যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। এছাড়াও অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত বিভিন্ন কর্মকর্তা,শিক্ষার্থীরা অংশ নেন।
পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ নাটিকায় অভিনয় করেন স্থানীয় শিল্পীরা।
এর আগে একটি মাদকবিরোধী র্যালী শহর প্রদক্ষিণ করে।