শিরোনাম

বাগেরহাট, ২৬ জুন, ২০২৬ (বাসস) : বাগেরহাটের কচুয়ায় অপতত্ত্ব ও বিভ্রান্তিকর তথ্য বিস্তারের প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে আজ এক মতবিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে দ্রুত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়ছে। এর ফলে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটার আশঙ্কা থাকে। এই অপতথ্য ও গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ের সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আসিফ হায়দার, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু প্রমুথ।
এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী,সাংবাদিক সোসাইটির সভাপতি মোহাম্মদ তারেক,সাংবাদিক খান সুমন, আয়েশা সিদ্দিকা,সিকদার সাঈদুর রহমান,মো. হাসান, এস এম হুমায়ূন, লিয়ন সিকদার, মো. শাকিল,মো. সাইফুল ইসলাম, মো. শামীম হাসান,অ্যাড. সুমন, তরিকুজ্জামান মুন্না, রিয়াজুল ইসলাম রাসেল, মুন্না শেখসহ কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক সোসাইটির বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীবৃন্দ।
সেমিনারে সাংবাদিকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং যেকোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করলে সমাজ থেকে গুজব ও অপতথ্য দূর করা সম্ভব বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করা হয়।