বাসস
  ২৫ জুন ২০২৬, ১৫:১৯
আপডেট : ২৫ জুন ২০২৬, ১৫:২৮

রাঙামাটিতে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

রাঙামাটি,২৫ জুন ২০২৬ (বাসস) : জেলার বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধূ হত্যাসহ দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে রাঙামাটি জেলা পুলিশ। এসময় তারা দস্যুদের কাছ থেকে লুণ্ঠিত অর্থও উদ্ধার করে। 

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ জুন বরকল থানাধীন ১ নং শুভলং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড বরুনাছড়ি ইসলামপুর এলাকায়  রফিজুল হক এর বসতঘরের মধ্যে মৃত অবস্থায় তার স্ত্রী আয়েশা বেগমের (৪৯) লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল রাঙামাটি পার্বত্য জেলায় প্রেরণ করা হয়। সেসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, ২২ জুন তারিখে এই হত্যাকাণ্ড নিয়ে বাদী আশ্রাফ আলী বরকল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে বরকল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা নং-০২, ধারা- পেনালকোড ৪৪৮/৩৯৪/৩০২/৩৪)।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ২৪ জুন সকালে হত্যা মামলার আসামি মো. সোহাগ (১৭) পিতা : ফজর আলী এবং ওমর আলী (১৯), পিতা : মোজাম্মেল এর নিজ নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় দুজনের কাছ থেকে লুণ্ঠিত ১ লক্ষ ৯৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগদের নেতাকর্মীসহ জেলার মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন, বরকল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া ইনচার্জ এইচ এম মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।