বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৮:৪১

ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালা

ছবি : বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। কর্মশালায় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে-কলমে বাংলা কিউআর ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সহযোগিতায় বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক।

কর্মশালার উদ্দেশ্য ছিল দেশজুড়ে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বাড়ানো, যাতে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই যেকোনো ব্যাংক বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) লেনদেন করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ.এন.এম. মইনুল কবির।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির ও মোহাম্মদ মঈন উদ্দিন, যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার এবং ব্র্যাক ব্যাংকের মার্চেন্ট অ্যাকোয়ারিং বিভাগের প্রধান খায়রুদ্দিন আহমেদসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইএফসির প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ ক্যাশলেস অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা গ্রাহক ও ব্যবসায়ী উভয়ের জন্য লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করে তুলবে। একই সঙ্গে কাগজের টাকার ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক ব্যাংকিং সেবার আওতা সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা ব্যবসায়ীদের দ্রুত বাংলা কিউআর প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান এবং স্বচ্ছ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করার ক্ষেত্রে এ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের চলমান উদ্যোগের ধারাবাহিকতায় লিড ব্যাংক হিসেবে এ কর্মশালায় দায়িত্ব পালন ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।