বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৯:১৭

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে চসিকের অভিযান

ছবি : বাসস

চট্টগ্রাম, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটার ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং রাস্তায় নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ আজ এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। এসময় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। একই সঙ্গে রাস্তায় নির্মাণসামগ্রী রাখা, বাসার নিচের নালায় জমাটবদ্ধ পানি এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়েও অভিযান চালানো হয়।

এ সময় এসব অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে জনসচেতনতা বাড়াতে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করে চসিক।