শিরোনাম

নাটোর, ২৫ জুন, ২০২৬ (বাসস) : সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহনমূলক গ্রামীণ মূল্যায়ন কর্মশালা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নাটোর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সংশ্লিষ্ট এলাকার জলাধার, ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠস্থ পানির স্তর, সরবরাহ ব্যবস্থা ও সংকট, পানির গুণগতমান, পানিবাহিত রোগ ইত্যাদি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়।
পরবর্তীতে এসব তথ্যের ভিত্তিতে টেকসই পানি উত্তোলন সীমা নির্ধারণে সহায়ক তথ্যভান্ডার গড়ে তুলতে নাটোর ও রাজশাহী বিভাগের ১৩টি জেলার ভূগর্ভস্থ পানি স্তরের মানচিত্র প্রণয়ন করা হবে। এতে অপরিকল্পিত নগরায়ণের ফলে ভূগর্ভস্থ পানির ধারন সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক জটিল জলভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনাযোগ্য হবে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা আয়োজিত কর্মশালায় সংস্থার গবেষণা সহকারী রিফাত হোসেন, মুকুল আলী, মোজাম্মেল হক, মো. রোকনুজ্জামান,তাজুল ইসলাম এবং ইমরান সরকার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।