বাসস
  ২৫ জুন ২০২৬, ১৪:১৯

লক্ষ্মীপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী হত্যা মামলায় তিনজন গ্রেফতার

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর,২৫ জুন ২০২৬ (বাসস): জেলার রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম আসামি একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু দারদা মো. জোবায়ের (১৮)কে গ্রেফতার করা হয়েছে। আজ ভোররাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জোবায়ের নোয়াখালীর চাটখিলের বালিয়াধর এলাকার শাহজাহান হোসেনের পুত্র। এর আগে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সহকারী অধ্যাপক ও আবাসিক হল সুপার শরীফুল ইসলাম(৪৮) ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিদুল ইসলাম মজুমদার ওরফে মাহি(১৯)কে গ্রেফতার করা হয়। এই নিয়ে এখন পর্যন্ত এই মামলার এজাহারভুক্ত আসামি জোবায়ের ও অজ্ঞাত দুইজনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদী হাসান হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ জুন (মঙ্গলবার) বিকেলে রামগঞ্জ উপজেলার ফরিদ উদ্দিন একাডেমির হোস্টেল থেকে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। এর জের ধরে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, থানা ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করা হয়। নিহত শিক্ষার্থী মেহেদী হাসানের পিতা জিয়া উদ্দিন ঘটনার দুইদিন পর অধ্যক্ষ আবদুল মান্নান ও ৭ শিক্ষার্থীসহ ১৮জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন । মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। 

নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে। পরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।