বাসস
  ২৫ জুন ২০২৬, ১৩:৩৭

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহত ১,আহত ২

হবিগঞ্জ, ২৫ জুন, ২০২৬ (বাসস) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ২জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মুরগি বোঝাই পিকআপের চালক মো. কাউসার মিয়া। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বাসস’কে জানান, ঢাকামুখী একটি মুরগি বোঝাই একটি পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়।

এ ঘটনায় পিকআপের হেলপার ও সিএনজিচালক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে। 

তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।