বাসস
  ২৩ জুন ২০২৬, ২১:৩৮

নরসিংদীতে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : বাসস

নরসিংদী, ২৩ জুন, ২০২৬, (বাসস): সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সাহেপ্রতাপ ভাটপাড়া এলাকা সংলগ্ন একটি বেকারিতে অভিযান চালানো হয়। 

অভিযানে খাদ্যপণ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার, কাপড়ের রঙ ও নিম্নমানের ডালডা ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসব অপরাধে বেকারি মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বেকারিতে ব্যবহৃত প্রায় তিন ড্রাম নিম্নমানের ও পুরোনো খাদ্য প্রস্তুতকারী তেল বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও দুটি মামলায় মোট এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে সর্বমোট তিনটি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।