বাসস
  ২০ আগস্ট ২০২৬, ২১:০০

সিরাজগঞ্জে গাড়িতে হামলার ঘটনায় দুইজন রিমান্ডে

সিরাজগঞ্জ, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুইজনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

তারা হলেন-রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদীর ও ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলমগীর হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের মঞ্জুর করেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের জিআরও সাকাউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণে প্রকল্প অনুমোদন হয়েছে। 

টিটিসি নির্মাণের জন্য কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। একটি প্রতিষ্ঠান, অথচ বেশ কয়েকটি এলাকা থেকে জোড় দাবি রয়েছে তাদের এলাকায় এটি স্থাপনের জন্য। এ অবস্থায় টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ বিষয়ে আলোচনার জন্য গত শনিবার রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। এদিন বিকেলে সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য আয়নুল হক।

এ অবস্থায় সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহূর্তে আচমকা তার গাড়িতে হামলা চালানো হয়। এসময় এমপি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

এ ঘটনায় গত শনিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। 

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

১৭ আগস্ট পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে।