শিরোনাম

ময়মনসিংহ, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): নগরীর ঐতিহ্যবাহী মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাঙ্গনে সবুজায়নের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে নবগঠিত মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সদস্যদের প্রতিষ্ঠানটিতে আগমন উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি এবং সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত এবং বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন এডহক কমিটির সভাপতি ইফরাত জাহান স্যান্ড্রা।
এর আগে নবগঠিত এডহক কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইফরাত জাহান স্যান্ড্রা বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু বর্তমান সরকার শিক্ষার মান আরও আধুনিকায়ন এবং উন্নতি করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে। সরকারের এ উদ্যোগকে সফল করতে শিক্ষক এবং অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। এ কারণেই শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহী করতে আজকের এ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন শাকিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটি সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কায়কোবাদ মামুন। এতে সঞ্চালক হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা উম্মে জেসমিন নাহার।