বাসস
  ২৩ জুন ২০২৬, ১৮:১৮

মাদারীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন

ছবি : বাসস

মাদারীপুর, ২৩ জুন, ২০২৬ (বাসস) : ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ প্রতিপাদ্যে মাদারীপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোছা.জেসমিন আকতার বানু, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। 

বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ফল চাষ কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উদ্বোধনের আগে জেলা প্রশাসক মর্জিনা আক্তারসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে জাতীয় ফল মেলা-২০২৬। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক এবং কৃষকরা বিভিন্ন জাতের ফল ও ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন।

ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক ও দর্শনার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।