বাসস
  ২৩ জুন ২০২৬, ১৭:২০

সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলায় মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, জেলা কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সমাজের সকল সেক্টরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্ত ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার ও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। 
তিনি বলেন, মনে রাখবেন সন্তান আপনার, দায়িত্বও আপনার, জীবনের শুরুতেই তাদের সাথে ভালো ব্যবহার, আচরণ করে শিক্ষা দিতে হবে। ‘পাপিকে নয়, পাপকে ঘৃণা করতে হবে’। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান বলেন-মাদক শুধু আমাদের দেশে নয়, বিশ্বের উন্নত দেশগুলোতেও এর প্রচলন রয়েছে। তারাও আমাদের মতো মাদক প্রতিরোধে সোচ্চার। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আমরা মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার, পাবলিক প্রসিকিউটর অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা সুপার মো. মঈন উদ্দিন ভূইয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জেড এম রেজাউল আলম, প্রধান শিক্ষক নাসিমা আক্তার, সুনামগঞ্জ সদর স্কাউটের সম্পাদক মো. বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ। 

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরো বেগবান করার আহ্বান জানান।