শিরোনাম

সুনামগঞ্জ, ৬ জুন, ২০২৬ (বাসস) : জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার ঈদ পুনর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির উদ্যোগে ঈদপুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
কামরুজ্জামান কামরুল বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে সরকার গঠনের পর বিএনপি জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ভোটদান কালে হাতে লাগানো কালি মুছে যাওয়ার পূর্বেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়ন, আত্ম মর্যাদা প্রতিষ্ঠায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে বিএনপি সরকারের কার্যক্রমকে সফল করতে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।
বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের
সঞ্চালনায় বাংলা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।