শিরোনাম

রাজশাহী, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : মোট ১০টি দলের অংশগ্রহণে আগামীকাল বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।’
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী সিটি কর্পোরেশন ও বাগমারা উপজেলা দল।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা ও রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা পুরস্কার।
টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম জানান, ‘রাজশাহী খেলবে, বাংলাদেশ জিতবে’—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ডিসি আরও বলেন, খেলার মাঠে ফিরে আসুক তারুণ্য, মেধার বিকাশ ঘটুক এবং খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী গড়ে উঠুক।
তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনা, সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া এবং তৃণমূল থেকে উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহী থেকে নতুন নতুন প্রতিভাবান ফুটবলার উদীয়মান হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে।
তিনি শনিবারের উদ্বোধনী খেলায় উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার জন্য রাজশাহীর সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
পরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-১)’-এ অসামান্য নৈপুণ্যের জন্য রাজশাহী জেলার মেধাবী অ্যাথলেটদের সংবর্ধনা প্রদান করা হয়।