শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সীমান্তের ইছাকের ঘের এলাকায় থার্মাল ডিভাইসের মাধ্যমে তিন চোরাকারবারিকে শনাক্ত করে বিজিবি। চ্যালেঞ্জ করলে তারা তিনটি পলিথিনের পোটলা ফেলে পালিয়ে যায়। তল্লাশিতে সেখান থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের গুইজারখাল এলাকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ থেকে আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। একই রাতে বালুখালী বিওপির টহলদল মাস্টারের ঘের এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (২০) নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন তিনি।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, 'পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।'