শিরোনাম

পটুয়াখালী, ৫ জুন ২০২৬ (বাসস) : জেলার গলাচিপা উপজেলায় আজ পৃথক বজ্রপাতের ঘটনায় মো. রিয়াজ হাওলাদার (৩০) ও আলমগীর সরদার (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ও দুপুরে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ও পশ্চিম চরকাজল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. রিয়াজ হাওলাদার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের বাসিন্দা। অন্যদিকে নিহত আলমগীর সরদার একই উপজেলার পশ্চিম চরকাজল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ হাওলাদার। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, দুপুরে বৃষ্টি ও বজ্রপাতের সময় আলমগীর সরদার জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন। বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠে থাকা নিজের গরু আনতে যান তিনি। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ এবং চরকাজল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল পৃথক বজ্রপাতে দু’টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।