বাসস
  ০৫ জুন ২০২৬, ২১:২২

পটুয়াখালীতে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচি

ছবি : বাসস

পটুয়াখালী, ৫ জুন ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। 

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের উদ্যোগে আয়োজিত ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৈকতের বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ নানা ধরনের কঠিন বর্জ্য জমে পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। এসব বর্জ্য সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিন, পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। একই সঙ্গে সৈকত পরিচ্ছন্ন রাখা এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পর্যটকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।