শিরোনাম

রংপুর, ৫ জুন, ২০২৬, (বাসস): রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক, জুয়া, চুরি, চাঁদাবাজি, নারী নির্যাতন এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৯০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ এবং চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো উদ্ধার করা হয়।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, তাজহাট থানা এলাকায় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই থানায় নারী নির্যাতন, শ্লীলতাহানি, চাঁদাবাজি ও অবৈধ আটকে রাখার মামলায় চারজন এবং পৃথকভাবে তিনজন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এছাড়া অপরাধ সংঘটনের উদ্দেশে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়।
হাজীরহাট, হারাগাছ, পরশুরাম ও মাহিগঞ্জ থানা এবং আরপিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক মাদক কারবারি এবং মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।