শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৫ জুন, ২০২৬, (বাসস): সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে ৩ নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।
নিহতরা হলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ।
শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রউফের স্ত্রী মাহামুদা আক্তার (১৯), রানীবাড়ি বাজারপাড়ার কাশের আলীর মেয়ে সাদিয়া খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল (১৪)।
নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও হাসান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় আব্দুল্লাহ।
এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জের তিনজনই মারা গেছেন বাড়ি সংলগ্ন আম বাগানে।
বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান তারা।
এছাড়া নাচোল উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যায় সুমিয়ারা বেগম। অপরদিকে, গোসাইপুর গ্রামে হাসান আলী নামে এক তরুণ আম বাগানে বজ্রপাতে মারা গেছেন।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবগঞ্জে নিহত তিন জনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
সদর ও নাচোল উপজেলায় মৃতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।