শিরোনাম

রাঙ্গামাটি, ৩১ মে, ২০২৬ (বাসস) : বর্ষণমুখর সন্ধ্যায় গান, কবিতা আবৃত্তি, আলোচনা, নৃত্য ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনার মধ্য দিয়ে রাঙ্গামাটিতে উদযাপিত হলো কবি রবীন্দ্র-নজরুল ও সুকান্তের জয়ন্তী উৎসব।
আজ রোববার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনিবার্ণ বড়ুয়া।
'চেতনার অগ্নিশিখায় সত্যের পথে হোক মানুষের জয়' এই স্লোগানে জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে ও জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া ও ফাল্গুনী দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, কাউখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক উজ্জ্বল বড়য়া, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ মল্লিক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ইলিয়াস মেহেদী, জেলা উদীচীর সাবেক সভাপতি অনুপম বড়ুয়া শংকর, রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আশীষ কুমার বড়ুয়া, সুজনের সাধারণ সম্পদক এম জিসান বখতেয়ার, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক অপর্ণা দেব রায়, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাচীন যুগ, মধ্য থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময় থেকে দেশে সাংস্কৃতিক চর্চা হয়ে আসছে। আধুনিক যুগে বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির চর্চা উল্লেখজনকভাবে কমে আসছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য অসাম্প্রদায়িকতা, সাম্যের বার্তা দিয়েছেন। তাদের বার্তাকে ধারণ করে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে হবে।
জাতীয় সংগীত ও উদীচীর দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।