বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৬:৪৪

নেত্রকোণায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোণা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : নেত্রকোণার আটপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আজ আল মামুন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন মল্লিক নগর গ্রামের আল আমিন ও ময়মুনা আক্তার দম্পতির সন্তান। সে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

আটপাড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ায় নিজ বাড়িতে অবস্থানকালে মামুন পিতা-মাতার গবাদিপশু দেখভাল করে আসছিল। আজ সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মামুন বাড়ির সামনে গরুর জন্য ঘাস কাটতে যায়। সকাল আনুমানিক ৮টা ৫০মিনিটের দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে।