শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)।
দুজনেই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ে এবং জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের অন্যদের আগে নদীতে নেমে পড়ে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।
পরে স্থানীয়দের সহায়তায় দুই কিশোরকে নদী থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।