বাসস
  ০২ মে ২০২৬, ১৪:৩২
আপডেট : ০২ মে ২০২৬, ১৪:৪৪

শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জেলা বিএনপি নেতৃবৃন্দের

এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা শ্রমিক দল আজ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২ মে ২০২৬ (বাসস): ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা শ্রমিক দল আজ দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। 

আজ দিনের শুরুতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কুড়িগ্রাম জেলা কার্যালয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শ্রমিক নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শ্রমিকরাই দেশের উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি। তাদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হলে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। তাই বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্য আরও জোরদার করা জরুরি। 

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের শক্তি বাড়াতে হবে। শ্রমিকদের পাশে থাকতে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলিম, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, শ্রমিক নেতা রিজন সরকার ও আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন।