বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৪:৩৩

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম (দক্ষিণ), ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার লোহাগাড়া উপজেলায় পুকুরে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশশরফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আরিয়ান ওই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

প্রতিবেশী সাংবাদিক আহমদ মূসা জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল আরিয়ান। খেলার সময় ফুটবলটি পাশের পুকুরে পড়ে যায়। পরে আরিয়ানসহ আরও দুই শিশু ফুটবলটি আনতে পুকুরে নামে। এক পর্যায়ে অন্য ২শিশু পুকুর থেকে উঠে এলেও আরিয়ান পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে আরিয়ানকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিয়ানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। ছোট্ট শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক বাসস’কে জানান, শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।