বাসস
  ০২ মে ২০২৬, ১৩:৫৮

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে উপজেলার নীচু জমি প্লাবিত হয়েছে। ছবি: বাসস

বাগেরহাট, ২ মে, ২০২৬ (বাসস) : অসময়ের প্রতিকূল আবহাওয়া এবং একটানা ভারী বৃষ্টির কারণে বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষকরা বিপর্যয়ের সম্মুখীন। রোপণ করা ধান এবং কাটা আধপাকা ধানের পর ক্ষেত এখন পানির নীচে। চোখের সামনে নিজেদের কষ্টার্জিত ফসল ভেসে যেতে দেখে হাজার হাজার কৃষক হতাশ।

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে উপজেলার নীচু জমি প্লাবিত হয়েছে। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ ধান কেটে জমিতেই শুকোতে দিয়েছিলেন। এই আকস্মিক দুর্যোগে মাঠের ধান  পানিতে ডুবে  থাকায় পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের মতে, এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব।

উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, এই মৌসুমে এই উপজেলায় মোট ৭হাজার ৩শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ সেই আশা ভেঙে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বাসস’কে জানান, এবার কচুয়া উপজেলায় ৭ হাজার ৩শ’হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা বর্তমানে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরির কাজ করছি।

তিনি বলেন,  ‘মাঠ পর্যায়ের তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও তথ্য জানা যাবে।’

কৃষকরা জানিয়েছেন, তারা এবার ঋণের ওপর নির্ভর করে চাষাবাদ করেছিলেন। এই দুর্যোগটি ঠিক ধান কাটার মৌসুমের আগে এসেছে। সরকারের কাছ থেকে দ্রুত সহায়তা এবং সার ও বীজের জন্য প্রণোদনা না পেলে আগামী মৌসুমে তাদের চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে।