বাসস
  ০২ মে ২০২৬, ১২:৪১

নরসিংদীতে মাদক বিরোধী অভিযান, ২জনকে দণ্ড

নরসিংদী, ২ মে, ২০২৬ (বাসস) : জেলার রায়পুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীসহ ২জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার খানাবাড়ি এলাকায় হুমায়ুন সাধুর মাজার প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমা বেগমকে (৪৫) মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১শ’ টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় ১জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাকে ১শ’ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, ‘উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।