বাসস
  ০২ মে ২০২৬, ১২:০১
আপডেট : ০২ মে ২০২৬, ১২:০৯

নেত্রকোণায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা, ২ মে, ২০২৬ (বাসস) : জেলার পূর্বধলা উপজেলায় আজ সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ ২জন নিহত হয়েছেন।

শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে পূর্বধলা থানাধীন বড় ইলাশপুর নামক স্থানে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস ও শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পূর্বধলা উপজেলার দক্ষিণ কাল ডোহর গ্রামের মৃত কাসম আলী ও আমেনা খাতুনের ছেলে আইনুল হক (৫০)।

নিহত অপর যাত্রীর পরিচয় জানা যায়নি। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাসস’কে জানান, সকালে বড় ইলাশপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে যাত্রী আইনুল হক ঘটনাস্থলেই প্রাণ হারান। অটোরিকশার অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরও একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করেছে। তবে উভয় যানের চালকই পলাতক রয়েছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।